গাজীপুর মহানগরী গাছা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোট বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সাইনবোর্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৬টায় সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
গাছা থানা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে কয়েকজন জামায়াত নেতা বক্তব্য রাখেন। তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত দোষীদের বিচার এবং বর্তমান সরকারের কাছে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং বিগত সরকারের প্রধান ও তার সহযোগী দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন,গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিরোধী দল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করবেন বিরোধীদলীয় নেতারা।বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন ও বিগত সরকারের দোষীদের বিচার নিশ্চিত না করে তবে পতিত সরকারের মতোই এই সরকারকেও উৎখাত করতে নেতাকর্মীরা কেন্দ্রীয় যেকোনো নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।