‹
ঢাকার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা খুরশিদা জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি নেতা হারুন অর রশিদ খোকা বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি, তারাই দেশের ভবিষ্যৎ। তাদের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
তিনি বলেন, শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মায়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে হারুন অর রশিদ খোকা বলেন, তাদের নৈতিক শিক্ষার আলোকে গড়ে উঠতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেশের উন্নয়নে শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই।
শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমরা যারা এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ, তাদের এই সাফল্যের পেছনে পড়াশোনায় মনোযোগী থাকার ভূমিকা রয়েছে। তাই অহেতুক মোবাইল ফোন ব্যবহার না করে পাঠ্যবইয়ের প্রতি মনোযোগী হতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।