সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারো ফ্যাসিবাদের কবলে পড়বে: ফারুক ওয়াসিফ
জ্যেষ্ঠ প্রতিনিধিঃ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমেই দেশের রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “যেদিন এই ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত পাস হয়েছিল, সেদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশে আর নিরপেক্ষ নির্বাচন হবে না।”
পিআইবি’র সম্মেলন কক্ষে গাজীপুরের সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সজাগ থাকার আহ্বান পিআইবি মহাপরিচালক তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, নিরপেক্ষ নির্বাচন না হওয়ার অর্থই হলো রাজনৈতিক দলগুলোকে দমন ও ধ্বংস করা। তিনি সতর্ক করে বলেন, “এবারের নির্বাচন যেন সত্যিকারের জনমতের প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা আবারো ফ্যাসিবাদের কবলে পড়বো। শুধু সরকার গঠন করলেই হবে না, সেই সরকার যেন ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সেজন্য এবারের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রশিক্ষণ কর্মশালার বিস্তারিত দুই দিনব্যাপী এই কর্মশালায় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালার বিভিন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হয়, নির্বাচনী আইন ও আচরণবিধি: মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।
ফ্যাক্টচেকিং ও গুজব প্রতিরোধ: আলোচনা করেন বাংলা ফ্যাক্ট-এর মিডিয়া রিসার্চ এক্সিকিউটিভ তাহমিদ ইসলাম এবং সুমাইয়া তারিন।
সাংবাদিকদের নিরাপত্তা ও নীতিমালা: দ্বিতীয় দিনে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, কর্তব্য এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হুমায়ুন কবির।
সমাপনী ও সনদ প্রদান বুধবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম আলমগীর। বক্তারা বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এসময় পিআইবি’র প্রশিক্ষণ সমন্বয়ক ছিদ্দিক ফারুক এবং সহ-সম্পাদক আলী মুর্তোজা উপস্থিত ছিলেন।